কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গ্যাস সংকটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় প্রায় ১০ কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম চাঁদ কুমার।

বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। এতে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গৌরীপুরের একটি স্টেশনে বিপুলসংখ্যক যানবাহন গ্যাস নিতে ভিড় করে। মহাসড়কের এক পাশজুড়ে গ্যাসের জন্য অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী লরিচালক আবুল খায়ের বলেন, ‘এক ঘণ্টারও বেশি সময় ধরে গৌরীপুর এলাকায় আটকে আছি। ভোরে চট্টগ্রাম থেকে মালামাল আনতে রওনা দিয়েছিলাম। এখনো গৌরীপুর এলাকা পার হতে পারিনি।’

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকার মাস্টার্স পাম্প ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, গত রাত থেকেই পামগুলোতে গ্যাসের চাপ খুবই কম । কয়েকটি পাম্প বন্ধ । যেসব পাম্প খোলা আছে সেগুলোতে গাড়ির তীব্র চাপ । গ্যাসের চাপ কম থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ ঠিক হবে বলা যাচ্ছে না ।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানার ওসি প্রেম চাঁদ কুমার বলেন, ‘ভোর থেকে বৃষ্টি এবং গ্যাস সংকটের কারণে চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমাদের একটি টিম কাজ করছে। গ্যাস পাম্পে অপেক্ষমাণ যানবাহনের সারি মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178834