আজ নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

আজ নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব-২। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও রাষ্ট্রবিরোধী কোনো মহলের তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এসব তথ্য জানান।

তিনি বলেন, ৫ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। একই দিন শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ এ দুটি অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-২-এর ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট, জোরদার টহল, সার্বক্ষণিক ও মোটরসাইকেল পেট্রোলিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো মহলের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াড মোতায়েন থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার সিকিউরিটি টিমও কাজ করবে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সরকারি, বেসরকারি ও সামাজিক অনুষ্ঠানগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন নম্বরে ০১৭৭৭৭১০২৯৯ যোগাযোগ করে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে র‍্যাব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178823