বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি কেরানী পাড়ার বাছেদ প্রামানিকের ছেলে সজল প্রামানিক (২৮) ও আব্দুল বারীক প্রামানিকের ছেলে নাজমুল হক (৩৩)।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার নিমগাছি গ্রামের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ও নাজমুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়।
তারই ধারাবাহিকতায় সোমবার রাতে নিমগাছি গ্রামের রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178801