গাইবান্ধার সুন্দরগঞ্জের সরোবর বিলে গোলাপি ও সাদা পদ্মর টানে দর্শনার্থীদের ঢল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বর্ষার পানিতে টইটম্বুর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরোবর বিল। বিস্তীর্ণ জলাভূমি জুড়ে ফুটে থাকা অসংখ্য গোলাপি ও সাদা পদ্মফুল যেন সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য।

সেই সৌন্দর্যের টানে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ভিড় করছেন শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের সরোবর বিলে গিয়ে চোখে পড়ে সারি সারি পদ্মফুল বাতাসে দোল খাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবছর বর্ষা মৌসুমে বিলটিতে পদ্মফুল ফুটলেও এবার অনুকূল আবহাওয়ার কারণে ফুলের পরিমাণ তুলনামূলক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরোবর বিলের পদ্মফুলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীদের আগমন আরও বেড়েছে।
দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীরা। বিলটিতে নৌকা চলাচলের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের হাঁটুপানি কিংবা কোথাও কোথাও কোমর সমান পানি মাড়িয়ে পদ্মফুলের কাছে যেতে হয়। সেখানে কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কেউ স্মৃতিবন্দি করেন ছবিতে, আবার কেউ সংগ্রহ করেন পদ্মফুল ও ফুলের লতি রান্না করে খাওয়ার জন্য।
দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, অনেক দিন ধরে সরোবর বিলে আসার ইচ্ছা ছিল। এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। চারদিকে পদ্মফুলের এমন সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে টিপ টিপ বৃষ্টিতে কাছে এসেও দূর থেকে সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে। কাছে যাওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা নেই, যদি কিছু ছোট ছোট নৌকা থাকত, তবে অনেক ভালো হতো।
এলাকাবাসীর মতে, প্রয়োজনীয় সংরক্ষণ, পরিচর্যা ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা হলে সরোবর বিল উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে পারে। প্রকৃতির এই অপার সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি দর্শনার্থীদেরও দায়িত্বশীল আচরণ জরুরি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178795