ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ
রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। এসব ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178757