দফায় দফায় সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দফায় দফায় সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে বহিরাগতদের ও সব ধরনের যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাটি বহাল থাকবে।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178727