নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস ও জরিমানা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ভস্মীভূত করেছে প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জালের মালিকদ্বয়ের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার চেংমারী ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো ধ্বংস ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- রণচন্ডী উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার রেজাউল বাবু জানান, ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল চেংমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেংমারী ব্রিজ এলাকায় জালগুলো ভস্মীভূত করা হয়েছে।
একই সাথে জালের মালিক সোলায়মান গণির ৫০ হাজার টাকা ও ইউনুছ আলীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178705