নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা অবস্থায় হোটেল শ্রমিক উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় হৃদয় ইসলাম(২১) নামে এক হোটেল শ্রমিককে উদ্ধার করেছে এলাকাবাসী। আজ সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীর সংলগ্ন রেললাইনের পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। আহত হোটেল শ্রমিক হৃদয় ইসলাম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাগিচাপাড়ার মহুবার রহমানের ছেলে।
জানা যায়, আজ সোমবার (৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দা মোছা. সাথী সরকারসহ কয়েকজন হাঁটতে বের হলে তারা রেললাইনের পাশের জঙ্গলের মধ্যে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এসময় হৃদয়ের পকেটে থাকা একটি কাগজে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে তার শাশুড়ি মিনা বেগমের খোঁজ মেলে। পরবর্তীতে তিনি হাসপাতালে আসেন।
মিনা বেগম জানান, প্রায় বছর দেড়েক আগে তার মেয়ের সাথে হৃদয় ইসলামের বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। গত শুক্রবার হৃদয় কাজের উদ্দেশ্যে নাটোর যান। এরপর সে সৈয়দপুরে কখন এলো আর কারা তাকে এভাবে জখম করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178702