বগুড়ার মোকামতলায় চলাচলের রাস্তায় ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি

বগুড়ার মোকামতলায় চলাচলের রাস্তায় ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি

শিবগঞ্জ/মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মানকৈর গ্রামে প্রায় ৫০ বছরের পুরনো যাতায়াতের রাস্তায় ঝুপড়ি ঘর তুলে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ উঠেছে একই এলাকার লাল মিয়ার (৭৫) বিরুদ্ধে।

জানা গেছে, ওই গ্রামের মৃত ইউনুছ মাস্টারের ছেলে শাহজাহান আলী বসতবাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তাটি পাকা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। সম্প্রতি চলাচলের সেই রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে নির্মাণকালে রাস্তার দুই দিকের মাঝখানে দেড়হাত পরিমাণ জায়গায় ঘর তুলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে।

এ ব্যাপারে শাজাহান আলীর বড় ভাই জহুরুল ইসলাম বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে ৫০ বছরের যাতায়াতের রাস্তাটি বন্ধ করা হয়েছে। প্রতিপক্ষ রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ায় আমরা গ্রামবাসীরা দীর্ঘদিন যাবত দুর্ভোগের স্বীকার হয়েছি।

সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব বলেন, রাস্তাটি নিয়ে বিদ্যমান সমস্যা সমাধান করার জন্য উভয়পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করেও সমাধান করা সম্ভব হয়নি। জনসাধারণের চলাচলের সমস্যা নিরসনের জন্য আবারো উদ্যোগ নেওয়া হবে।

গতকাল রোববার রাস্তাটি জায়গাটি পরিদর্শন করে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, যেহেতু রাস্তাটির মাঝখানে একটি আমগাছ রয়েছে। গাছটি না কেটে জনগণের চলাচলের স্বার্থে গাছের পাশ দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ করার জন্য উভয়পক্ষকে বলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178687