সিরাজগঞ্জে রায়গঞ্জে গোয়ালঘরের শিকল কেটে ৫টি গরু চুরি

সিরাজগঞ্জে রায়গঞ্জে গোয়ালঘরের শিকল কেটে ৫টি গরু চুরি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামে গতকাল রোববার দিবাগত রাতে গোয়ালঘরের শিকল কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মো. ওয়াজেদ আলী জানান, রাতে তিনি গোয়ালঘরের ৪টি গরু এবং তার ছেলে মো. রিজনের গোয়ালঘরের ২টি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত প্রায় ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন, দুইটি গোয়ালঘরের শিকল কেটে মোট ৬টি গরু চুরি হয়েছে। এরপর তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের চর এলাকায় ওয়াজেদ আলীর একটি বকনা বাছুর উদ্ধার করা গেলেও বাকি ৫টি গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178680