আদালতের রায়ে বহাল হলেন বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউপি চেয়ারম্যান বিমান

আদালতের রায়ে বহাল হলেন বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউপি চেয়ারম্যান বিমান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : উচ্চ আদালতের দেয়া রায়ের ভিত্তিতে বগুড়ার দীর্ঘ ২১ মাস পর স্বপদে বহাল হয়েছেন শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি ইউপি ভবনে উপস্থিত হয়ে সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত, কুশল বিনিময় করেন। শেষে ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ বিষয়ে তাৎক্ষণিক এক সভা করেন এবং উক্ত সভার রেজুলেশনের কপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিয়েছেন।

জানা গেছে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় ২০২৪ সালের ১৯ নভেম্বর পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবন্দী হন আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান। তার অনুপস্থিতির কারণে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার অফিস আদেশ মোতাবেক ৫ ডিসেম্বর’২৪ তারিখে প্যানেল চেয়ারম্যান-১ মো. সেলিম উদ্দিনকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে স্থানীয় সরকার শাখার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

শুনানী শেষে স্থানীয় সরকার শাখার অফিস আদেশের কার্যকারিতা ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত। উক্ত স্থগিতাদেশ প্রতিপালন করতে ২৬ জুলাই’২৬ তারিখে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক। সে মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান ২৯ জুলাই’২৬ তারিখে আমরুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যা-১ মো. সেলিম উদ্দিনকে পত্র প্রেরণ করেন।

উক্ত পত্রের অনুলিপি ইউপি চেয়ারম্যান মো. সাাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। এমতাবস্থায় আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন সাইফুল ইসলাম বিমান। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের দায়িত্বভার গ্রহণ ও এ সংক্রান্ত সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন আমরুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রীনা রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178676