লক্ষ্মীপুরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের রাজা ইলিশ বিক্রি ১০ হাজার টাকা

লক্ষ্মীপুরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের রাজা ইলিশ বিক্রি ১০ হাজার টাকা

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে ইলিশটি বিক্রি করা হয়। ৬ হাজার টাকা থেকে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ দর ১০ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনেছেন মো. রিয়াজ বেপারী নামে এক মাছ ব্যবসায়ী।

মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে সেটি সারু মিয়ার আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ দাম দিয়ে রিয়াজ নামে এক ব্যবসায়ী মাছটি কিনেছেন।

ক্রেতা রিয়াজ বেপারী বলেন, এখন বড় আকৃতির ইলিশ খুব কম ধরা পড়ে। বাজারেও এর চাহিদা ও দাম বেশি। তাই নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এটি চাঁদপুরে পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া গেলে আশা করি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, নদীতে বর্তমানে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ৩০০-৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178663