ভারতে শাহরুখ-রণবীরের রেকর্ড ভাঙল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ভারতে শাহরুখ-রণবীরের রেকর্ড ভাঙল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন ডেস্ক :  হলিউডের সুপারহিরো ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে নজির গড়েছে। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ছবিটি ইতোমধ্যে প্রায় ২৯৩ কোটির বেশি আয় করেছে। রোববার রাতের চূড়ান্ত হিসাব শেষে ছবিটির ভারতীয় আয় ৩০০ কোটি রুপি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই মুক্তির পর প্রথম দিনে ছবিটি আয় করে ৬০.৬০ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪৯.৩৫ কোটি, তৃতীয় দিনে ৭০.২৫ কোটি এবং চতুর্থ দিনে প্রাথমিক হিসাবে প্রায় ৬৬–৭০ কোটি রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে এটি ভারতে মুক্তিপ্রাপ্ত কোনো হলিউড ছবির ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের সংগ্রহের রেকর্ড গড়েছে। ছবিটির আয়ের বড় অংশ এসেছে ইংরেজি সংস্করণ থেকে, এরপর রয়েছে হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ।

শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপীও দারুণ সূচনা করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকার ৪,৪৮৭টি প্রেক্ষাগৃহ থেকে প্রথম চার দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সংগ্রহ। এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর ৩৫৭.১ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

ভারতীয় সিনেমার বড় ব্লকবাস্টারগুলোর সঙ্গেও তুলনায় এগিয়ে রয়েছে টম হল্যান্ডের নতুন স্পাইডার-ম্যান। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম তিন দিনে আয় করেছিল ১৬১ কোটি রুপি, সালমান খানের ‘টাইগার ৩’ আয় করেছিল প্রায় ১৪৪ কোটি, আর রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সংগ্রহ ছিল প্রায় ১০২ কোটি রুপি। সেই তুলনায় ‘ব্র্যান্ড নিউ ডে’ আরও দ্রুত গতিতে বক্স অফিসে সাফল্য অর্জন করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178622