বগুড়ার গাবতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
গাবততলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর তার স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পেরণ করেছে।
জানা গেছে, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ছেও গ্রামের রঞ্জু প্রামানিকের মেয়ে মিম আক্তারের সাথে প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেল রানার (২৮) পারিবারিকভাবে বিয়ে হয়।
তাদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। হঠাৎ গত শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে মিম আক্তারের রহস্যজনক মৃত্যুর খবর পায় থানা পুলিশ। ঘটনার পর পরই সোহেল ও তার বাবা-মা বাড়ি ছেড়ে চলে যান।
খবর পেয়ে এসআই জাহাঙ্গীর আরিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রোববার (২ আগস্ট) সকালে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178568