কুড়িগ্রামের রাজারহাটে জিন্নাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে আলোচিত জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে(২৩) গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গত ৩০ জুলাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে রাজারহাট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে রাজারহাট থানা পুলিশ গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করে। লিয়াকত হোসেন লিমন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র শক্তি’র মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, এ মামলায় এ পর্যন্ত ২৮ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ ৭ নারীসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই অভিযানে পৃথক দুটি মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- অপহরণ মামলার আসামি কিশামত নাখেন্দা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রাবিকুল ইসলাম (১৯) এবং চুরি মামলার আসামি রাজশাহীর মোহনপুর থানার চৌরাঙ্গপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আকাশ মিয়া (২২)। গ্রেপ্তারের পর তাদেরও জেলহাজতে পাঠানো হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ডিজিটাল প্রযুক্তির সহায়তা এবং র্যাব-১৩-এর সহযোগিতায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা ও সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের মধ্যে বিরোধ চলছিল।
গত ১৪ জুলাই জিন্নাত বিরোধপূর্ণ সড়কের পাশে নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল হোসেনের ছেলে লিয়াকত হোসেন লিমন ধারালো বল্লম দিয়ে তার বুকে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার একদিন পর নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদি হয়ে ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃতরা হলো- জয়নাল হক(৪৪), রওশন(৪২), গরিবুল্লাহ(৪৫), রেজাউল করিম(২২), রিয়াদ আলী(১৯), গওসুল(৭০), নাইমুল ইসলাম নয়ন(১৮), জিন্না বেগম(৬০), নুরবানু(৩৮), লিপি বেগম(৩৭), হেলেনা বেগম(৩৭), আনোয়ারা বেগম(২৮), আশফিকা আক্তার(১৯) ও আশা মনি(২০)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178566