গাইবান্ধার পলাশবাড়ীতে মাছ ধরাকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকান ভাঙচুর
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বরশি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর বাজার এলাকার ব্যবসায়ী শামীম মিয়ার(৩৫) সাথে প্রতিবেশী ফরিজালের(৭০) মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
অভিযোগ রয়েছে, ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফরিজাল তার ছেলে আরিফ, জামাতা জিল্লু ও নাতি মেহেদীর নেতৃত্বে একদল লোক নিয়ে শামীম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় শামীম মিয়া, তার ফুফু কাপাসি বেগম, স্ত্রী বিথি বেগম, ভাতিজা লিটন এবং পাশের গ্রামের রাজা মিয়া আহত হন। আহত শামীম মিয়া ও তার স্ত্রী বিথি বেগম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শামীম মিয়ার দাবি, বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গেলে ফরিজাল তার বরশি ভেঙে দেন। পরে একদল লোক এসে তার মনোহারি দোকান ও বসতঘরে ভাঙচুর চালায়। এতে আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের বালা এবং দোকানের মালামাল খোয়া গেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178552