বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে কৃষকের ৭শ’ গাছের কলা কর্তন

বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে কৃষকের ৭শ’ গাছের কলা কর্তন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে কৃষক মোহাব্বত আলীর (৫০) প্রায় তিন বিঘা জমির প্রায় ৭শ’ কলা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই কৃষকের বর্গাকৃত ৮৯ শতাংশ জমিতে থাকা অপরিপক্ক কলা কেটে জমিতেই ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুরো ক্ষেতজুড়ে কাটা অপরিপক্ব কলার কাঁদি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ ঘটনায় কৃষক মোহাব্বত আলী একই এলাকার সাতজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী কৃষক মোহাব্বত আলী বলেন, পূর্বশত্রুতার জেরে ৭-৮ জন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে তার প্রায় ৭শ’টি কলাগাছ কেটে ক্ষতিসাধন করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178543