ঠাকুরগাঁওয়ে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় গতকাল শনিবার ও আজ রোববার (২ আগস্ট) পানিতে ডুবে ও পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার পারপুগী ঈদগাহ সংলগ্ন পুকুর থেকে নূর হাসান (১১) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়।

সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এবং মধ্য পারপুগী গ্রামের আক্তার আলীর ছেলে। আজ রোববার (২ আগস্ট) বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় নূর হাসান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন হোসেন (১৯) নামের এক তরুণ নিখোঁজ হন। তিনি উপজেলার আকাশীল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে। গতকাল শনিবার সকালে বন্ধুদের সাথে টাঙ্গন নদীর ব্রিজের কাছে গোসল করতে গেলে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। সংবাদ পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রিপনের লাশ ভেসে ওঠে।

রাণীশংকৈল উপজেলায় আজ রোববার (২ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনায় অনিল চন্দ্র ঝডুরাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভেদাইল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছিলেন।

এছাড়া পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে বাইসাইকেল থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে বোলাইহাট বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে কাঁচা রাস্তায় পিছলে পড়ে গিয়ে তিনি আঘাত পান।

প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার (২ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানায়, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178538