ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজ এর সম্পাদক নূরুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা একটি বুদ্ধিবৃত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। এ পেশাকে সর্বজনীন ও জনকল্যাণমুখী করে তুলতে সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতার চর্চা অপরিহার্য। একই সঙ্গে সাংবাদিকতার কার্যপ্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও জবাবদিহিতার মাধ্যমে সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178518