নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া পশ্চিম মাঠে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আব্দুর গফুর মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের একটি ফসলি মাঠে রোপা ধান লাগানোর কাজে যান তিনি। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178487