মাঠে ফিরে জয়ের দেখা পেলেন না মেসি
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের দুই সপ্তাহ পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।
ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামলেও গোলের দেখা পাননি মেসি। গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে দুটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়েও পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
বৈরি আবহাওয়ার কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। ইন্টার মিয়ামির হয়ে গোলের শুরু করেন লুইস সুয়ারেজ। ১৬ মিনিটে তার গোলেই এগিয়ে যায় মিয়ামি।

৩৪তম মিনিটে হুগো পিকার্ডের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামির ডিফেন্ডার কাসেমিরো। এতে সমতায় ফেরে কলম্বাস। প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন নোয়া অ্যালেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়।
তবে হাল ছাড়েনি কলম্বাস। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের দুর্দান্ত ফ্রি-কিক ইন্টার মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোকে পরাস্ত করে জালে জড়ায়। তাতেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সংগ্রহ ৪০ পয়েন্ট। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের প্লে-অফের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল কলম্বাস ক্রু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178474