বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় সফল একটি মৌসুম কাটানোর পরও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তার সম্ভাব্য নতুন গন্তব্য হতে পারে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মের্কাটোর প্রতিবেদনে বলা হয়েছে, ছুটিতে থাকাকালীনই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন তোরেস। ইতোমধ্যে তার প্রতিনিধিদের সঙ্গে পিএসজির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে স্প্যানিশ দৈনিক মার্কার দাবি, আগামী সপ্তাহে এই ট্রান্সফার নিয়ে বার্সেলোনা ও পিএসজির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পিএসজিকে অন্তত ৫ কোটি ইউরো খরচ করতে হতে পারে। বিশ্বকাপের আগেই বার্সেলোনা এই মূল্য নির্ধারণ করেছিল। সাম্প্রতিক পারফরম্যান্সের পর সেই মূল্য পাওয়াও কঠিন হবে না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পিএসজির উইঙ্গার ব্রাডলি বারকোলাকে নিয়ে লিভারপুলসহ কয়েকটি ক্লাব আগ্রহ দেখাচ্ছে। বারকোলা দল ছাড়লে তার জায়গায় ফেরান তোরেসকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ফরাসি ক্লাবটি।

হানসি ফ্লিকের অধীনে গত মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তোরেস। রবার্ট লেভানডোভস্কির বিকল্প হিসেবে খেলেও লা লিগায় ২৩ ম্যাচে শুরুর একাদশে থেকে ১৬টি গোল করেন তিনি। তার অবদানেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে কাতালান ক্লাবটি।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন ফেরান তোরেস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ৬৫ গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178465