বগুড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার , গ্রেপ্তার ৩

বগুড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার , গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ঠেঙ্গামারা ও মাটিডালা এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরে জঙ্গলঘেরা সন্ত্রাসীদের গোপন আস্তানায় ডিবি অভিযান চালিয়ে চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে । সেইসাথে ওই আস্থানা থেকে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে।

ডিবির অভিযানে অংশ নেওয়া এসআই শামীম আহমেদ জানান, ডিবি ওসি মো, ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির তিনটি দল করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী আস্তানায় অবস্থান করে একটি চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত দশটার দিকে ওই আস্থানাটি ঘিরে ফেলে।

এরপর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের তিনটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় চক্রের কথিত প্রধান রকি, তাঁর সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও পাঁচ থেকে সাতজন সদস্য করতোয়া নদী সাঁতরে পালিয়ে যান।

এ সময় ঘটনার স্থল থেকে , ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি চায়নিজ কুড়াল, একটি ধারালো চাপাতি, কয়েকটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক শকারও জব্দ করা হয়েছে।

পুলিশ বলছে, অপহরণ করে আনা ব্যক্তিদের নির্যাতনে এটি ব্যবহার করা হতো। ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার হওয়া রকি ও রাকিবের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ফেনসিডিল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাঁরা এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। পরে লোকালয় ছেড়ে নদীর তীরের দুর্গম এলাকায় আস্তানা গড়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি আরও বলেন, শনিবার রাত দশটা থেকে শুরু হয়ে রাত সাড়ে বারোটার পরও এই অভিযান চলছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178463