বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
শহর প্রতিনিধি (বগুড়া): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সমাবেশে অশালীন মন্তব্য করায় বগুড়ায় মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার ১ আগস্ট রাতে মহানগরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ।
তারা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এনসিপি নেতাদের অবিলম্বে আইনের আওতায় না আনলে স্বেচ্ছাসেবকদল তার জবাব দিবে। দলটিকে ‘শিশু সংগঠন’ বলেও অভিহিত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। তাদের সংশোধন হয়ে মানুষের জন্য রাজনীতি করার আহবান জানান তারা।
প্রশাসন এবং বিরোধী দলকে ইঙ্গিত করে তারা বলেন, বেয়াদব সংগঠনটিকে প্রশ্রয় না দিতে তাদের প্রতি আহবান জানান। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে স্বেচ্ছাসেবকদল সাধারণ মানুষকে সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে বলেও হুশিয়ার করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধ পরায়ণ নন বলেই তারা এমন প্রতিকী কর্মসূচী দিয়ে কর্মসূচী পালন করছেন বলেও উল্লেখ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে মশাল মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবারও শহীদ খোকন পার্কে এসেই শেষ হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178452