সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন-একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

যারা সবসময় খেলাধুলার সঙ্গে জড়িত থাকেন তারা মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত থাকে। তিনি আজ শনিবার (১ আগস্ট) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি এস.এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান। উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলা একাদশ ও মোকামতলা উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিমন্ত্রী পৌর এলাকায় হেলিপ্যাডের সংস্কার কাজের উদ্বোধন করেন। প্রাইম মিনিস্টার গোল্ডকার্প জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষকদের সঙ্গে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় এবং উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পাবলিক লাইব্রেরী চত্বরে ৩দিন ব্যাপী  বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বিভাগীয় বনকর্মকর্তা মতলুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ রাজীনৈতিক দলের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178446