বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর : ভোগান্তিতে ৫০ পরিবার

বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর : ভোগান্তিতে ৫০ পরিবার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হবার উপক্রম হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) এই ঘটনার প্রতিকার চেয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক নারী উদ্যোক্তা।

অভিযোগকারী নারী উদ্যোক্তা শাহানাজ খাতুন জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাশরুম চাষ, জৈব সার উৎপাদন, মাছ চাষ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। একই গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

লিখিত অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল গফুর তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এবং এলাকার প্রায় ৫০টি পরিবারের ব্যবহৃত চলাচলের রাস্তার ওপর ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে যায় এবং শতাধিক কৃষকের জমির ফসল আনা নেওয়ার করতে চরম ভোগান্তিতে পড়বেন বলে জানান।

তিনি আরও জানান, এব্যাপারে নিষেধ করলে আব্দুল গফুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। স্থানীয় লোকজন এগিয়ে এলেও তিনি প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল গফুর জানান, আমার জমির সীমানায় চলাচলের রাস্তা দিয়ে শুধুমাত্র শাহানাজ চলাচল করতো। আমি বাড়ি বানাবো তাই ইটের প্রাচীর নির্মাণ করছি। শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178429