নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অফিস ভাঙচুরসহ আহত ১০
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পূর্ববিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে স্থানীয় একটি বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে উভয় দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবদল নেতা আনোয়ার হোসেন, রিপন মিয়া, ফারুক এবং সিরাজপুর ৮নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি ওসমান ও সেক্রেটারি রিফাতসহ বেশ কয়েকজনের নাম জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বের কোনো বিরোধের জেরে সিরাজপুরের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াত আমিরের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে স্থানীয় পিএল একাডেমি মাঠে নিয়ে মারধর করেন। পরবর্তীতে ছাত্রদল কর্মীরা এর প্রতিশোধ হিসেবে শিবিরের এক কর্মীকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই খবর ছড়িয়ে পড়ার পর রাত ১১টার দিকে জামায়াত ও শিবির কর্মীরা একত্রিত হয়ে স্থানীয় বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178407