গাজী সালাউদ্দিনকে আটক করতে বগুড়া জেলা ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম 

গাজী সালাউদ্দিনকে আটক করতে বগুড়া জেলা ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম 

শহর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানেকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে বগুড়া মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। 

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। শহর প্রদক্ষিণ শেষে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জেলা ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। 

মিছিল পরবর্তী সড়ক সমাবেশে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন আনভীর যে অশালীন স্ট্যাটাস দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকের বগুড়া জেলা ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল । পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে এই ছাত্রনেতা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে জেলা ছাত্রদল আরও তীব্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। 

সমাপনি বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমারা ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পতনে রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। গাজী সালাউদ্দিন তানভীর, নাসিরুদ্দিন পাটওয়ারীর মতো কথিত জুলাই যোদ্ধাদের কিন্তু আমরা রাজপথে পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে তানভীরের এমন ফেসবুক পোস্ট আর নাসিরুদ্দিনের কটু কথার জবাবে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তাদের বগুড়ায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বগুড়া জেলা ছাত্রদল। 

এদিকে, সমাবেশের আগে এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল-সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাময়িক যানজটের জন্য মহানগরের সাতমাথায় চলাচলকারীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। 

এর আগে, গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বগুড়ায় গাজী সালাউদ্দিন তানভীর ছবি সম্বলিত একটি ব্যানার অপসারণ করে জুতাপেটা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েকজন। 

সম্প্রতি গাজী সালাউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরই প্রতিবাদে বগুড়ায় গতকাল থেকে আজ পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়ে আসছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178382