পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী
পরাজিত শক্তির পুনরুত্থান হলে দেশে কেউ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি খাল-বিল পুনঃখনন, বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পসংযোগ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা ও নীতির বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। তার দাবি, বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত।
এর আগে নাটোর সুগার মিল পরিদর্শন করে রিজভী আহমেদ বলেন, মৌসুমি শিল্প হিসেবে পরিচালিত চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিএনপিকে উদ্দেশ করে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং ৫ আগস্টের গণআন্দোলনের চেতনা অক্ষুণ্ন রাখাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178354