পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার বাস্তব অবস্থা সরেজমিনে দেখতে আবারও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়ার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর সড়ক কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে এবং নাগরিক সেবার বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রী এ পরিদর্শনে বের হন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতেও প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নাগরিক সেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় তিনি সড়কের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচলসহ বিভিন্ন নগরসেবা কার্যক্রমের অবস্থা দেখেন। বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যেই নগর ব্যবস্থাপনার বাস্তব পরিস্থিতি জানতে নিয়মিত সরেজমিন পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178349