পঞ্চগড়ে অপপ্রচারের বিরুদ্ধে এক তরুণীর সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে অপপ্রচারের বিরুদ্ধে এক তরুণীর সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সাথে ছবি জুড়ে দিয়ে মিথ্যা তথ্য প্রচার এবং চরিত্রহননের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাহেমীন মারিয়া এলিন নামে এক তরুণী। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন বলেন, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সরকার নাম ব্যবহার করেন। তিনি দাবি করেন, গত নির্বাচনের পাঁচ থেকে ছয় মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে একটি রেস্টুরেন্টে ছবি তুলেছিলেন তিনি।

সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওর সাথে সেই পুরোনো ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে ভুল পরিচয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। 
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার মানহানি করা হচ্ছে এবং তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, তার বাবা-মা দুজনই মারা গেছেন।

অনেক কষ্ট করে লেখাপড়া ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। কিন্তু এ ধরনের অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ভিডিওটির সত্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে কিংবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে। এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার সম্মানহানির বিচার দাবি করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178340