বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়ির বহরে হামলা, অগ্নিসংযোগ ও বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আড়কাটিয়া গ্রামের জনাব আলী সরকারের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) ও জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে গ্রেফতার করা হয়।

এছাড়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ সব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178331