বগুড়ার শেরপুরে পুলিশের বাসায় চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশের বাসার জানালার গ্রিল খুলে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় পৌরশহরের উলিপুর এলাকার ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আইনুল শেরপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি থানার পশ্চিমে উলিপুর এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
কনস্টেবল আইনুল জানান, বৃহস্পতিবার রাতের ডিউটি শেষে আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের জানালার নিচের অংশ খোলা। এ সময় জানালার পাশের টেবিলে রাখা তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনটি আর খুঁজে পাননি।
ঘটনার সময় পাশের কক্ষে তার স্ত্রী ও সন্তান ঘুমিয়ে থাকলেও তারা বিষয়টি টের পাননি। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহিদ হোসেন বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178325