গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসার শিক্ষার্থী শিশুর মৃত্যু
গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুইজনেই একটি মাদরাসার শিক্ষার্থী।
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জেলার কালিগঞ্জ উপজেলাধীন মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন- মোক্তারপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) ও কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৫ বন্ধু একসঙ্গে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বি নদীর অগভীরে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা মরদেহ উদ্ধার করার পর পরিবারকে হস্তান্তর করেছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178312