ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ, মাদরাসাশিক্ষকসহ নিহত ২
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চরমোনাই মাদরাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিমসহ (৫০) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম বরিশাল থেকে ঝালকাঠির কাঠালিয়ায় নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।