আগামীকাল সিডনিতে গাইবেন রুনা লায়লা

আগামীকাল সিডনিতে গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্কঃ  দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ায় স্টেজ শো করবেন রুনা লায়লা। একটি নয়, পর পর দুটি। ২৮ জুলাই ঢাকা ছেড়েছেন তিনি। শিল্পীর সঙ্গী হয়েছে তার সঙ্গে নিয়মিত পারফর্ম করা এক দল মিউজিশিয়ান। রুনা লায়লা জানান, আগামীকাল সন্ধ্যায় তিনি অস্ট্রেলিয়ার সিডনির ‘নরওয়েস্ট কনভেনশন সেন্টার’-এ সংগীত পরিবেশন করবেন। এরপর আবারো আগামী ৮ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নের ‘রিসাইটেল সেন্টার’-এ সংগীত পরিবেশন করবেন। দুটি শোয়েই রুনা লায়লা তার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পাওয়া গানগুলো পরিবেশন করবেন।

আগামী ১৭ নভেম্বর রুনা লায়লা ৭৪ বছরে পা দিচ্ছেন, জানালেন রুনা লায়লা নিজেই। এ বয়সে এসেও রুনা লায়লা স্টেজ শোয়ে কতটা অনবদ্য, দুর্দান্ত তা যেন বাংলাদেশের মানুষ নতুন করে জানল ২৪ জুলাই ঢাকায় ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে অনুষ্ঠিত রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানে। এ সংগীতানুষ্ঠানে রুনা লায়লা টানা ১১টি গান পরিবেশন করেন।

রুনা লায়লার দুর্দান্ত পরিবেশনা দেখার আবারো অপেক্ষায় অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। রুনা লায়লা বলেন, ‘বহু বছর পর অস্ট্রেলিয়া এলাম। তাও প্রায় এক দশক পর। সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। এরই মধ্যে যে গানগুলো দুটো শোয়ে গাইব আমি, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিসও করেছি। আশা করছি সিডনি ও মেলবোর্নে প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। আমার গানে আশা করছি মুখরিত হবে সিডনি আর অস্ট্রেলিয়া। ধন্যবাদ আয়োজকদের, যারা আমাকে এখানে নিয়ে আসার ব্যাপারে অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন।’

 

রুনা লায়লা জানান, আগামী ৮ আগস্ট শো শেষে আরো তিনদিন সেখানে থাকবেন তিনি। এরপর আগামী ১২ আগস্ট তিনি পুরো টিমসহ দেশে ফিরবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178249