জুলাই কারো একার নয়, এটি  সর্বস্তরের মানুষের বিপ্লব -রেজাউল করিম বাদশা এমপি

জুলাই কারো একার নয়, এটি  সর্বস্তরের মানুষের বিপ্লব -রেজাউল করিম বাদশা এমপি

শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, জুলাই কারো একার নয়, এটি সর্বস্তরের মানুষের বিপ্লব। জুলাই আন্দোলনের ফসল আজকের সংসদ ও প্রশাসন। জুলাই বিপ্লবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়ায় ২৪ এর জুলাইয়ে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

"আমরা জুলাই যোদ্ধা" সংগঠনের বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে শহরের নবাববাড়ি রোডস্থ টিএমএসএস মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় রেজাউল করিম বাদশা বগুড়া বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দরসহ উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে সহযোগিতার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপি সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো. আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা এনসিপি’র আহ্বায়ক ইঞ্জি. এম এস এ মাহমুদ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলাম ইমন। ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মহানগর শাখার আহবায়ক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা শাখার আহবায়ক মো. জুলফিকার আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জুলাই শহিদ পরিবারের পক্ষে শহিদ মান্নানের ছেলে রায়হান, শহিদ রাতুলের বাবা  জিয়াউর রহমান, শহিদ সাব্বিরের বাবা শাহেদ ও শহিদ সেলিমের ভাই উজ্জ্বল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, জুলাই যোদ্ধাদের যেকোনো প্রয়োজনে সিটি কর্পোরেশন পাশে থাকবে এবং শুধু শহিদ-আহত নয়, প্রতিটি পরিবারের অবদান ছিল বলে উল্লেখ করেন। জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির তার ভাতিজা আহত সাদাতের কথা স্মরণ করে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ হয়ে গেছে এবং ভারতে বসে যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। আবিদুর রহমান সাহেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়, আর বিএনপি সরকারকে অবশ্যই সফল হতে হবে-ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেবে। প্রধান বক্তা আমিনুল ইসলাম ইমন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং জুলাই যোদ্ধাদের চিকিৎসা, ভাতা ও পুনর্বাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে জুলাইয়ের উপর একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই সংগঠনের নাসিরুজ্জামান মামুন, তাজমিলুর রহমান ও বিপ্লব মিয়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178217