নড়াইলে খাদে উল্টে গেল নসিমন, প্রাণ গেল চালকের

নড়াইলে খাদে উল্টে গেল নসিমন, প্রাণ গেল চালকের

নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন সড়কের পাশের খাদে উল্টে গেলে রাহুল মুসল্লি (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় সালামাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল মুসল্লি জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাহুল একটি খালি নসিমন নিয়ে বাকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন।

পথে হাঁড়িডাঙ্গা এলাকায় সাবেক চেয়ারম্যান শামীমের বাড়ির সামনে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি সড়কের পাশের খাদে উল্টে যায়।

এতে রাহুল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

এদিকে, পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্যকে আকস্মিকভাবে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন রাহুলের স্বজনরা।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাবা-মায়ের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178211