হাফপ্যান্ট আর হুডি পরেই নেতানিয়াহুর সাথে বৈঠক মার্কিন সিনেটর ফেটারম্যানের

হাফপ্যান্ট আর হুডি পরেই নেতানিয়াহুর সাথে বৈঠক মার্কিন সিনেটর ফেটারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সিনেটর জন ফেটারম্যান বৃহস্পতিবার (৩০ জুলাই) ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সেদিন তার পরনে ছিল কালো হুডি আর হালকা ধূসর হাফপ্যান্ট। পায়ের ওপর পা তুলে বসেছিলেন তিনি। এই বৈঠকে ফেটারম্যান ইসরায়েলের প্রতি তার অটল সমর্থনের কথা আবারও জানান। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও নিজের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।

বৈঠকের শুরুতেই নেতানিয়াহু সিনেটরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ আর দুই দেশের মিত্রতা রক্ষায় ফেটারম্যান সবসময় সাহসের পরিচয় দিয়েছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকেও তাকে এই সাহসের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনা করতেও পিছপা হননি ফেটারম্যান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কাজকর্ম দেখে তিনি হতাশ। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করে তিনি দাবি করেন, দলের ভেতরে ইসরায়েলবিরোধী মনোভাবের বিরুদ্ধে একমাত্র তিনিই সোচ্চার ছিলেন।

কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিবেকের প্রতীক হিসেবে নিজেকে দাবি করেন ফেটারম্যান। স্পষ্ট ভাষায় তিনি জানান, ইসরায়েলকে সমর্থন করার জন্য তার কোনো অনুশোচনা নেই। যেকোনো পরিস্থিতিতেই তিনি ইসরায়েলের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিনেটর ফেটারম্যান গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানকে সবসময়ই যৌক্তিক যুদ্ধ বলে আখ্যা দিয়ে এসেছেন। তার মতে, হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি ছিল। যুদ্ধ কেন শুরু হয়েছিল, সে কথা মানুষ ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178208