গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার,,বাবা ও মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বাড়ির গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী ও তার বাবাকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কাচারিরোড এলাকার শফিকুল ইসলাম (৫৬) এবং তার মেয়ে নাজমুন নাহার খানম (২৭)। নাজমুন নাহার বাগিচাপাড়া এলাকার আবদুল জলিল আকন্দের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আবদুল জলিল আকন্দের বাড়িতে অভিযান চালায়।
তল্লাশির একপর্যায়ে গোয়ালঘরে লুকিয়ে রাখা ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল জলিল আকন্দ পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম ও নাজমুন নাহারকে আটক করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এস আই) ফিরোজ আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ বলেন, জলিল আকন্দ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আবদুল জলিল আকন্দকে গ্রেফতারে অভিযান চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178195