পাকিস্তানে চেকপোস্টে সশস্ত্র হামলায় নিহত সাত পুলিশ সদস্য

পাকিস্তানে চেকপোস্টে সশস্ত্র হামলায় নিহত সাত পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য ও আটজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে এই হামলা হয়। জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এর কয়েক দিন আগেই একই প্রদেশের টাঙ্ক জেলায় আরেকটি চেকপোস্টে হামলায় সেনা, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ জন হামলাকারী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানায়।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে। পাকিস্তান এ ধরনের হামলার জন্য আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তবে আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যে এ নিয়ে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগান ভূখণ্ডে যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। অন্যদিকে, তালেবান সরকার ও জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুন মাসে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের এক হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178159