ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে র‌্যাবের অভিযান, এজেন্টসহ আটক ৮

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে র‌্যাবের অভিযান, এজেন্টসহ আটক ৮

ব্রাহ্মণবাড়িয়া শহরে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে মূল এজেন্টসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (২৯ জুলাই) রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন বেটিং পরিচালনার সময় চক্রের মূল এজেন্টসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা এবং এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178138