বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্করোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নতুন অগ্রগতির কথা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগত সম্মতি দিয়েছে। তবে প্রত্যাবাসন কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। একই সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে মালয়েশিয়া থেকে প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে নেপিডো।

বুধবার (২৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’-এর বরাতে বার্তা সংস্থা আনাদোলুর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং নিজ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

আগের জটিলতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলতেন। কিন্তু পাঠাব কোথায়? মিয়ানমার তো তাদের নিতে চাইত না। তাই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি ছিল। এখন আলোচনার পর তারা প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে।’

সম্প্রতি মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেনাং থেকে আসা শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়ার পর তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় দেশটির কর্তৃপক্ষ। এরপরই নতুন এই প্রত্যাবাসন আলোচনা সামনে আসে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক এই শরণার্থী সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানে মালয়েশিয়া মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম বড় শরণার্থী সংকট। এ ছাড়া সমুদ্রপথে ঝুঁকি নিয়ে অনেক রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও আশ্রয় নিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178134