রাজধানীতে বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার শিশুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার রাতে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পার্টি করার সময় অস্ত্রটি দেখানোর একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178131