বগুড়ার কামারগাড়ী রেলগেট এলাকায় তীব্র যানজট : জনভোগান্তি চরমে

বগুড়ার কামারগাড়ী রেলগেট এলাকায় তীব্র যানজট : জনভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের গুরুত্বপূর্ণ কামারগাড়ী রেলগেট এলাকায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক অব্যবস্থাপনা এবং সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে প্রতিদিন এখানে সৃষ্টি হচ্ছে তীব্র ও দীর্ঘ যানজট। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কামারগাড়ী রেলগেট এলাকাটি বগুড়া শহরের অন্যতম ব্যস্ত ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান একটি রুট। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে সরকারি আজিজুল হক কলেজ, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া রোগী, তাদের স্বজন এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। কিন্তু মোড়ের ট্রাফিক বিশৃঙ্খলা এবং রাস্তার দুই পাশে যত্রতত্র অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য ভাড়ায় চালিত যানবাহন পার্কিং করে রাখার ফলে সড়ক সংকুচিত হয়ে যায়।

এর ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন। ফলে সঠিক সময়ে শ্রেণিকক্ষে পৌঁছানো শিক্ষার্থীদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী পথচারী ও স্থানীয়রা বলছেন, এই মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার কঠোর প্রয়োগ জরুরি। তাদের মতে, এখানে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং ‘ওয়ান বাই ওয়ান’ নিয়মে যানবাহন চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা গেলে যানজট অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এছাড়া রাস্তার পাশে অবৈধ পার্কিং উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাঝে মাঝে স্থানটিতে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেলেও সব সময় তাদের দেখা যায় না। ফলে ব্যস্ততম সড়কটিতে যানজট জনদুর্ভোগের কারণ হয়ে দেখা দেয় প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধানে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিটি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। সড়কটি দ্রুত যানজটমুক্ত করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পরিবেশ তৈরি করাই এখন স্থানীয়দের মূল দাবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178118