আসছে লিজার নতুন গান ‘তুমি বিহন’
অভি মঈনুদ্দীন ঃ সািনয়া সুলতানা লিজা এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। একটি রিয়েলিট শো দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হলেও। নিজের কণ্ঠের মাধুর্যতা দিয়ে তিনি বছরের পর বছর শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করে যাচ্ছেন। লিজা সবসময়ই মনোযোগী ছিলেন নিজের মৌলিক গান প্রকাশে। ক্যারিয়ারের শুরুতে ‘ভুল করে যদি কখনো’ দিয়ে তার মৌলিক গানের ভুবনে যাত্রা শুরু হয়। এরপর একে একে বহু মৌলিক গান প্রকাশ করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ।
সঙ্গীতায়োজন করেছেন আদিব শংকর। গানটির ম্উিজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটি প্রসঙ্গে লিজা বলেন,‘ ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার গভীর অনুভূতি নিয়ে আসছে তুমি বিহন গানটি। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর মিউজিক ভিডিওটাও এক কথায় দারুণ হয়েছে। আমি খুবই আশাবাদী আমার নতুন এই মৌলিক গানটি নিয়ে।’
লিজার কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তোমার রোদেলা আকাশে’ গানটি। স্টেজ শো’র বাইরে লিজা নিজের একমাত্র কন্যাকেই সময় দেন বেশি। মাঝেমধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি। তার সমাসাময়িক অন্যান্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহুর্তে হতাশ। বলা যায় এই মুহুর্তে দেশে স্টেজ শো একেবারেই কম। তবে কেন একেবারেই কম, কেনই বা হচ্ছেনা গ্রামে গঞ্জে শহরে তা শিল্পীদেরও অজানা।
তবে এই মুহুর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে আনুপাতিক হারে স্টেজ শো একেবারেই কম। যে কারণে শিল্পীরা তাদের আগামী নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই বলছেন এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে। আবার চাঙ্গা হয়ে উঠবে আমাদের সঙ্গীতাঙ্গন। গানে গানে মুখরিত হয়ে উঠবে শহর নগর বন্দর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178100