হবিগঞ্জে মামলা করব, তারপর যাব : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করব, তারপর যাব : নাহিদ ইসলাম

হবিগঞ্জে গতকালের হামলার ঘটনায় মামলা না করে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে তিনি এ মন্তব্য করেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চার দফা বাধা পেরিয়ে গাড়িবহরটি মিরপুর এলাকায় পৌঁছালে পুনরায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এর প্রতিবাদে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সড়কের ওপরই অবস্থান নেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হবিগঞ্জে গতকাল আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। আমরা ঢাকা থেকে এসেছি মামলা করতে, আহতদের দেখতে এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। আমরা মামলা করব, তারপর যাব।’

পুলিশের বাধার সমালোচনা করে তিনি বলেন, ‘মৌলভীবাজার থেকে এ পর্যন্ত কয়েক দফায় বালুর ট্রাক ও ট্র্যাক্টর দিয়ে আমাদের পথরোধ করা হয়েছে। বর্তমানে যেখানে আমাদের আটকে রাখা হয়েছে, সেখানে ১৪৪ ধারা জারি নেই। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আপনারা যতজন বলবেন, আমরা ততজনই ভেতরে যাব। আমরা কোনো অশান্তি চাই না।’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, তাদের গতিরোধ করে রাখা হলেও পেছনে ‘সন্ত্রাসীরা’ অবস্থান করছে। তিনি বলেন, ‘পেছনে শত শত ছাত্রদলের সন্ত্রাসী আছে। আমরা শুধু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই, অথচ পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে রেখেছে।’

এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই তাদের গতিরোধ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফিরে আসার পথে হামলার প্রতিবাদে আজ সেখানে বিক্ষোভের ডাক দেয় দলটি। একই সময়ে বিএনপিও পাল্টা কর্মসূচি ঘোষণা করলে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এনসিপির গাড়িবহরে নাহিদ ইসলাম ছাড়াও সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178093