জমে উঠেছে রুহানী সালসাবিলের উপস্থাপনায় ‘ক্যাচ দ্য স্টার’
অভি মঈনুদ্দীন ঃ সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা রুহানী সালসাবিলের উপস্থাপনায় একটি ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে পডকাস্ট ‘ক্যাচ দ্য স্টার’-এর সিজন-এর পর্বগুলোর প্রচার। এরইমধ্যে এই পডকাস্টে অংশ নেয়া রুহানী সালসাবিলের উপস্থাপনায় কথা বলেছেন এবং যাদের পর্বগুলো প্রচার হয়েছে তারা হলেন তানজিকা আমিন, আরশ খান, টয়া, ইরফান সাজ্জাদ, চমক, নাজিফা তুষি। পর্বগুলো প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন রুহানী সালসাবিল। প্রচারিত পর্বগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে এবং আলোচনায় এসেছে আরশ খানের পর্বটি। প্রচারিত পর্বের মন্তব্যের ঘরে আরশ খানকে নিয়ে সবাই অনেক অনেক পজিটিভ মন্তব্য প্রকাশ করেছেন। রুহানী সালসাবিল অবশ্য প্রচারে আসা প্রতিটি পর্বের জন্যই দারুণ সাড়া পাচ্ছেন।
রুহানী সালসাবিল বলেন,‘ আমি বহু বছর যাবত উপস্থাপনার সাথে সম্পৃক্ত। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে উপস্থাপনার জন্য বিশেষত ক্যাচ দ্য স্টার-পডকাস্টটি উপস্থাপনার জন্য এতো বেশি সাড়া পাবো, তা কখনোই কল্পনা করিনি। প্রথম পর্ব প্রচারের পর থেকেই বেশ সাড়া পেতে শুরু করি। এরইমধ্যে বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে প্রথম সিজনের। একটু একটু করে যেন এই সাড়া বেড়েই চলেছে। সত্যি বলতে কী এই পডকাস্টে কাজ করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতাও বটে। তারকাদের সঙ্গে এর আগেও আমি বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি। কিন্তু এতোটা ডিটেইলে গিয়ে কখনো কারো সঙ্গে আসলে কথা বলা হয়নি বা সুযোগও হয়ে উঠেনি। যে কারণে এই পডকাস্টেও উপস্থাপনা করতে গিয়ে নিজেকেও আমি নুতন করে আবিস্কার করছি। প্রত্যেক শিল্পীই আসলে আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কতজ্ঞতা।’
উল্লেখ্য, দেশ টিভিতে বিগত দশ মাসেরও বেশি সময় ধরে প্রচার হচ্ছে রুহানীর উপস্থাপনায় স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানটি। এছাড়াও তার উপস্থাপনায় বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, মাইটভিতে ‘আমার গান’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ নিয়মিতভাবেই প্রচার হচ্ছে। ঢাকার কলাবাগানের ‘কিউবিক কনসালটেন্ট’-এর সাথেও একজন স্থপতি হিসেবে যুক্ত আছেন তিনি। গত ১০ জানুয়ারি রুহানী সালসাবিলের মা মারা যান।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই রুহানীর একমাত্র সন্তান শীর্ষ তার স্কুল জীবন শুরু করেছে। ২০১৬ সালের ১০ আগস্ট রুহানী সালসাবিল নাঈমকে বিয়ে করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178088