প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে করে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস বাংলাদেশে আসে।
ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগের কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে আনারসগুলো হস্তান্তর করেন।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠিয়েছিলেন।
আখাউড়া স্থলবন্দরে এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178049