ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল সফরে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করে কটূক্তি করায় নতুন করে কূটনৈতিক উত্তেজনায় জড়িয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ঘটনার প্রতিবাদে আর্জেন্টিনায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাজিল সরকার।
শনিবার সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই লুলার নাম উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গকে ঘিরেই দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিবিসির তথ্যমতে, মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটাক্ষ করেন। এই বিচারপতি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার কার্যক্রম তদারকি করেছিলেন এবং সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও দেননি।
এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অপমান করেছে।
রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম না নিয়ে বলেন, ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের নেতার হস্তক্ষেপ বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্ক সাম্প্রতিক সময়ে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178013